রহমতগঞ্জের বিপক্ষে গত ২৬ ফেব্রুয়ারি মাত্র ২৩ সেকেন্ডে গোল করেছিলেন মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মাহাদুদ হোসেন। এবারের প্রিমিয়ার লিগ এক সপ্তাহের ব্যবধানে দেখল আরেকটি ঝোড়োগতির গোল। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাত্র ৩০ সেকেন্ডে গোল করেছেন সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।
রেফারি ভুবন মোহন তরফদার মাত্রই খেলা শুরুর বাঁশি বাজিয়েছেন। বক্সের সামান্য বাইরে থেকে ফয়সাল আহমেদের বাড়িয়ে দেওয়া বলে ইয়াসিন বুদ্ধিদীপ্ত শটে করেন গোলটি। ব্রাদার্স ডিফেন্ডার মুন্নু মিয়া ক্লিয়ার করতে গিয়েও ব্যর্থ হন। গোল খেয়ে বোকার মতে বসে রইলেন ব্রাদার্স গোলরক্ষক জাফর সরদার!
দুর্বল ব্রাদার্সের বিপক্ষে জয়টা একরকম অনুমিতই ছিল সাইফ স্পোর্টিংয়ের। কোচহীন ব্রাদার্স লিগে মাঝি ছাড়া নৌকার মতোই খেলছে। ১২ ম্যাচে মাত্র ১টা জয়। ২ ড্র, ৯টিতেই হার। লিগের ১৩ দলে ১২তম। ভঙ্গুর এই দলের বিপক্ষে জিততে তাই খুব বেশি কষ্ট করতে হয়নি সাইফ স্পোর্টিংকে। গোপীবাগের দলটির বিপক্ষে সহজেই সাইফ জিতেছে ৪-০ গোলে।
from WordPress https://ift.tt/3sS4JFL
via IFTTT