কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে আজ রোববার বিজেপির সমাবেশ। দুপুরে এই সমাবেশে যোগ দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারাভিযান শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে সমাবেশের মঞ্চে থাকার কথা আছে প্রখ্যাত চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তীর।
বিজেপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত এযাবৎকালের সব সমাবেশকে টেক্কা দিয়ে আজ এক নতুন ইতিহাস গড়া হবে। এই ময়দানে আজ সবচেয়ে বড় সমাবেশ হবে।
মোদির এই সমাবেশে বিপুলসংখ্যক জনতার সমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য বিজেপি। এই সমাবেশে চমক থাকছে বলে রাজ্যে জোর গুঞ্জন চলছে।
গতকাল শনিবার বিজেপি সূত্র জানায়, আজকের সমাবেশে বলিউড তারকা অক্ষয় কুমার যোগ দেবেন। অক্ষয় কুমার ইতিমধ্যে বিজেপির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
অক্ষয় কুমারের সঙ্গে বাংলার দীর্ঘদিনের একটা টান রয়েছে। তিনি প্রথম জীবনে কলকাতায় চাকরি করেছেন। তারপর চলচ্চিত্রে পা রেখে তারকাখ্যাতি পেয়েছেন।
বিজেপি সূত্র আরও বলেছে, আজকের সমাবেশে মোদির সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার কথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর। শুধু তা–ই নয়, তিনি ভাষণও দিতে পারেন।
জানা গেছে, মিঠুন গতকাল রাতেই কলকাতায় আসেন। উঠেছেন বেলগাছিয়ায় তাঁর নিজ বাসভবনে। মিঠুন কলকাতায় আসার পর রাতেই তাঁর বাসভবনে ছুটে যান বিজেপির কেন্দ্রীয় নেতা ও পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি সেখানে মিঠুনের সঙ্গে আলাপ করেন।
মিঠুন কলকাতায় আসায় রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি আজ বিজেপিতে যোগ দেবেন? মিঠুনই কি হবেন এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস? তাঁকে কি বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে প্রচারে নামবেন?
from WordPress https://ift.tt/3v1STL9
via IFTTT