বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, এ সপ্তাহের শুরুর দিকে কোভ্যাক্স থেকে যে দেশগুলো টিকা পেয়েছে, তার বেশির ভাগ আফ্রিকার দেশ।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় জুনের আগে বাংলাদেশ পাবে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা। এ ছাড়া বেশি টিকা পেতে যাওয়া অপর দেশগুলোর মধ্যে পাকিস্তান ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার, নাইজেরিয়া ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার, ইন্দোনেশিয়া ১ কোটি ১৭ লাখ ৪ হাজার ৮০০ ও ব্রাজিল ৯১ লাখ ২২ হাজার ৪০০ টিকা পাবে।
তালিকায় এর পরে পাঁচটি দেশ রয়েছে। এর মধ্যে ইথিওপিয়া ৭৬ লাখ ২০ হাজার, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো ৫৯ লাখ ২৮ হাজার, মেক্সিকো ৫৫ লাখ ৩২ হাজার, মিসর ৪৩ লাখ ৮৯ হাজার ৬০০ ও ভিয়েতনাম ৪১ লাখ ৭৬ হাজার টিকা পাবে।
ইরান, মিয়ানমার, কেনিয়া ও উগান্ডাও টিকা পাওয়ার তালিকায় রয়েছে। প্রতিটি দেশ ৩০ লাখের বেশি টিকা পাবে। মে মাসের শেষ দিকে ভারতও কোভ্যাক্সের টিকার বড় সরবরাহ পেতে পারে।
কোভ্যাক্স প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের ২৩ কোটি ৭ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। ফাইজার ও বায়োএনটেকের ১২ লাখ ডোজ টিকাও এর মধ্যে থাকবে। তবে ফাইজার ও বায়োএনটেকের টিকা বিশেষ তাপমাত্রায় সুরক্ষিত রাখা প্রয়োজন। দুই ধরনের টিকার ক্ষেত্রেই দুটি ডোজ নেওয়া প্রয়োজন।
ঘানা, আইভরি কোস্ট, দক্ষিণ কোরিয়া, ভারত ও কলম্বিয়া প্রথম দফায় কোভ্যাক্সের টিকা পেয়েছে। নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, কম্বোডিয়াতেও কোভ্যাক্সের প্রথম দফার টিকা পৌঁছেছে। কঙ্গোতেও টিকা পৌঁছানোর কথা রয়েছে।
নোভাভ্যাক্স কোভ্যাক্সকে ১১০ কোটি ডোজ টিকা দেবে। সানোফি-জিএসকে, জনসন অ্যান্ড জনসনের সঙ্গেও কোভ্যাক্সের চুক্তি রয়েছে।
from WordPress https://ift.tt/3kOKo1v
via IFTTT